চট্টগ্রামের অপরাধ জগতে আলোচিত ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন তাঁকে গুলি করে পালিয়ে যায়। ইমতিয়াজ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ ইমতিয়াজ নগরের মুরাদপুর এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।
ঘটনার পর ইমতিয়াজের স্ত্রী রুমা আক্তার সূচি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অভিযোগ করেন, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বড় সাজ্জাদ বাহিনীর অনুসারীরা ইমতিয়াজ সুলতান ইকরামকে গুলি করেছে।
রুমা আক্তার সূচি বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে বড় সাজ্জাদ বাহিনীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদকে পুলিশে ধরিয়ে দেওয়ার পর থেকেই বিরোধের সূত্রপাত বলে দাবি করেন তিনি।
স্ত্রীর দাবি অনুযায়ী, দুপুরে বাবার বাসার নিচে একটি গলিতে দাঁড়িয়ে ছিলেন ইমতিয়াজ। এ সময় ছয় থেকে সাতজনের একটি দল তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন এসে ইমতিয়াজকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, দুপুর সোয়া ২টার দিকে মুরাদপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একটি দোকানের সামনে বসে ছিলেন ইমতিয়াজ। অস্ত্র হাতে পাঁচ যুবক হেঁটে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। ইমতিয়াজ পালিয়ে পাশের চারতলা একটি ভবনের দোতলায় ওঠেন। এ সময় অস্ত্রধারীরা ভবনটি ঘিরে গুলি চালাতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ২৫ থেকে ৩০টি গুলি ছোড়ার পর অস্ত্রধারীরা কিছুদূর হেঁটে গিয়ে আগে থেকে প্রস্তুত রাখা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। গুলি ইমতিয়াজের কোমর ও পায়ের তালুতে লেগেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যে, ইমতিয়াজ চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিপক্ষকে একের পর এক হত্যার মাধ্যমে চট্টগ্রামের অপরাধজগতে মাথাচাড়া দিয়ে ওঠে এইট মার্ডারে আলোচিত ও বিদেশে পলাতক সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা।
২০২৫ সালের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিং সিটি কমপ্লেক্স থেকে গ্রেপ্তার হন বড় সাজ্জাদের অনুসারী এবং চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ। তাঁকে ধরিয়ে দেওয়ার পেছনে ইমতিয়াজ ও তাঁর স্ত্রী রুমা আক্তার সূচি জড়িত বলে অভিযোগ করে আসছিল সাজ্জাদের অনুসারীরা।
চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হয়েছিলেন ইমতিয়াজ। ওই ঘটনায় সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল, ইমতিয়াজ চট্টগ্রামের অপরাধজগতের পরিচিত মুখ।
র্যাবের ভাষ্য অনুযায়ী, ম্যাক্সন ও ফিরোজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও ইমতিয়াজের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একসময় তিনি ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলেও র্যাব জানিয়েছিল।
চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার পর ইমতিয়াজ পালিয়ে ভারত হয়ে দুবাই চলে যান। সেখানে চট্টগ্রামের একসময়কার দুর্ধর্ষ শিবির ক্যাডার সরোয়ার বাবলার সঙ্গে তাঁর সখ্য হয়। সরোয়ার পরে প্রতিপক্ষের গুলিতে নিহত হন।
বিদেশে পালিয়ে থাকার সময় ইমতিয়াজ এক সময় বড় সাজ্জাদ গ্রুপের হয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিদেশি নম্বর ব্যবহার করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। পরে উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়।
বিষয় : অপরাধ অস্ত্র গুলি চট্টগ্রাম বিভাগ পাঁচলাইশ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত