Dhaka Sentinel-Bangla

আর্কাইভ দেখুন

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রবিবার স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে সুইডেনে কাজ করছে। সুইডেনের পার্লামেন্ট ব্যবস্থা এক-কক্ষবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সুইডেন ও বাংলাদেশের মধ্যে অনেক ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন উভয় দেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র প্রিয়। গণতন্ত্রের জন্য এদেশের জনগণ নিজের জীবন বিলিয়ে দিতে কখনো কুন্ঠা বোধ করেননি। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল। স্পিকার বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র সমাজ এবং আপামর জনসাধারণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এদেশের জনগণ নিজের পছন্দসই দল ও প্রার্থীর পক্ষে ভোটদান করে থাকে। তিনি আরও বলেন, ভোটাররা নিজেদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, সুইডেনের পার্লামেন্টে মোট ৩৪৯টি আসন রয়েছে। সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। তিনি বলেন, সুইডেন আনুষ্ঠানিকভাবে একটি সাংবিধানিক রাজতন্ত্র হলেও রাষ্ট্র পরিচালনার সমস্ত রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট এবং সরকারের হাতে ন্যস্ত থাকে। সাক্ষাৎকালে তারা উভয়ই সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠনে গুরুত্বারোপ করেন। এছাড়াও ক্রীড়া ও সংস্কৃতিসহ দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। স্পিকার এ সময় চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে মজুদকৃত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে আমন্ত্রণ জানান। বৈঠকে সুইডিশ দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে হ্যাকারের কবলে পড়েছে। ওয়েবসাইটের অন্তত দুটি স্থানে স্প্যাম শনাক্ত হওয়ার পর সেগুলো মেরামতের কাজ করছেন ব্যাংকটির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের কর্মীরা। এ কারণে রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ওয়েবসাইটটি সচল করা সম্ভব হয়নি। খবর বিডিনিউজের। জনতা ব্যাংকের আইটি বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “ওয়েবসাইটে দুটো অ্যাটাকের চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিকঠাক করতে সময় লাগছে। আশা করা যায়, আজকের মধ্যেই সচল করা সম্ভব হবে।” বৈশ্বিক সাইবার হামলার ঝুঁকির কারণে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। পাঁচ দিনের ছুটি শেষে রবিবার ব্যাংকিং কার্যক্রম শুরুর সঙ্গে মিল রেখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু করা হলেও জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল করা যায়নি। বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো। গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, নিরাপত্তা ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিতে থাকা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়। এই সতর্কবার্তার পর বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়। রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী ও বেসিক ব্যাংকের ওয়েবসাইট সচল ছিল। ঢাকা-সেন্টিনেল /রিমন হাসান


উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে

উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে

আবর আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জাতীয় দলের ব্যর্থতার ঢেউ আঘাত হেনেছে নির্বাচক প্যানেলেও। প্রধান নির্বাচক হাবিবুল বাশার নেতিবাচক বার্তা পাচ্ছেন নানা দিক থেকে। বাইরের ফিসফাসে উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আজ আবার মিটিংয়ে বসছেন বাশারদের নিয়ে। বিসিবির একটি সূত্র জানায়, সভায় নির্বাচক প্যানেলকে কড়া বার্তা দেওয়া হতে পারে। দল নির্বাচনে ভুলত্রুটি সামনে আনতে পারেন সভাপতি তামিম। গুঞ্জন আছে জাতীয় দল নির্বাচক প্যানেল ঢেলে সাজানোর কথা ভাবছে বোর্ড। প্রধান নির্বাচক বাশারের দিকে ‘বন্দুক’ তাক করা আছে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে প্রধান নির্বাচক বাশারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি গুঞ্জনে কান দিতে চাই না। কারণ সভাপতি তামিম ইকবাল আমাকে কিছু বলেনি।’ হাবিবুল বাশারকে প্রধান করে চার সদস্যের জাতীয় দল নির্বাচক প্যানেল গঠন করেছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিচালনা পর্ষদ অনুমোদন দেওয়ায় দুই বছরের জন্য নিয়োগ পান তারা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বিলুপ্ত করা হয়। তামিম ইকবাল সভাপতি হয়ে বাশারদের কাজে হস্তক্ষেপ করেননি।  কেন নির্বাচক প্যানেলের কাজে হস্তক্ষেপ করবেন না– এ সম্পর্কে সমকালকে এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেছিলেন, ‘আমি নির্বাচকদের খেলোয়াড় পছন্দ করে দিলে তারা আমার দিকে আঙুল তুলবেন। আমাকেই তখন ব্যর্থতার দায় নিতে হবে। আমি চাই নির্বাচকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করুক এবং জবাবদিহির ভেতরে থাকুক।’  গত এক বছরে জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি। তবে জিম্বাবুয়ে সফরে নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় কিছুটা সমালোচনা হয়েছে। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হোম সিরিজ, অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য সেরা নির্বাচন করেছিলেন বাশাররা। লিটন কুমার দাস চোটে পড়ায় বদলি নেওয়া পারভেজ হোসেন ইমনও ভালো করেছেন। আফগানিস্তানের বিপক্ষে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭০ রান করেছেন বাঁহাতি এ ব্যাটার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলামের মতো সেরা বোলিং লাইনআপ ছিল দলে। যদিও সেরা দল নিয়ে খেলেও সাদা বলের ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ। অ্যাওয়ে সিরিজগুলোতে ওয়ানডে ও টি২০ সংস্করণে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নির্বাচকরা নিতে চান না। ১৫ বা ১৬ জনকে নির্বাচন করা নিয়ে প্রশ্ন না থাকলেও পিঠাপিঠি সিরিজ ও টুর্নামেন্টে একই খেলোয়াড় রাখায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। এশিয়ান গেমস থেকে এই জটিলতার সৃষ্টি। এশিয়ান গেমসের দলে ছয়জন টেস্ট ক্রিকেটার থাকায় আবুধাবিতে কন্ডিশনিং মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল না। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর (৯ অক্টোবর) দুই দিন আগে জাপান থেকে আরব আমিরাতে পৌঁছান তানজিদ হাসানরা। মরুর ৪২ ডিগ্রি তাপমাত্রায় মাত্র দুই দিন অনুশীলন করে টেস্ট ম্যাচ খেলতে হয় ছয় ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও সমন্বয়হীনতা চোখে পড়ার মতো।  আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও দেশে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি নাজমুল হোসেন শান্তরা। দুবাই থেকে ক্রিকেটাররা দেশে ফিরেছেন দুই ভাগে। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছায় দ্বিতীয় গ্রুপ। কোচিং স্টাফের বেশির ভাগকে গতকাল শনিবার রাতে ফেরার কথা। সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আগে ফেরায় আংশিক ক্যাম্প শুরু করা সম্ভব হয়েছে শনিবার। এরই মধ্যে গতকাল রাতে হঠাৎ করে ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরিয়ে দেয় বিসিবি। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা ১৯ অক্টোবর ঢাকায় পা রেখে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেখানে বাংলাদেশ একসঙ্গে অনুশীলন করবে ম্যাচের দুই দিন আগে থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজটিকে বাংলাদেশের থেকে বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় আসার আগে ভারতের চেন্নাইয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন রোস্টন চেজরা। মিরপুরের উইকেটের সঙ্গে মিল থাকায় চেন্নাইয়ে ক্যাম্প করেছে দলটি। প্রতিপক্ষ যেখানে আটঘাট বেঁধে টেস্ট সিরিজ খেলতে নামছে, বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে ক্লান্তি কাটানোর সময় পাননি। টানা খেলা ও ভ্রমণ ক্লান্তি নিয়েই ম্যাচ খেলতে নামবেন শান্তরা। এই জায়গাতেই সমন্বয়হীনতা দেখছেন ক্রিকেট সংগঠকরা। তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।


খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িওয়ালা মজলিস খানকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। রবিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাড়াটিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় বসুপাড়া শতরূপা মোড়ের বকুল বাগান এলাকায় ভাড়া নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়িভাড়া নিয়ে বাড়িওয়ালা মজলিস খান ও ভাড়াটিয়া রকিবুল ইসলামের মধ্যে বিরোধের একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন রকিবুল। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বাড়িওয়ালা মজলিস খানকে আটক করে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


১

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

২

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

৩

আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ

৪

তেলের দাম আবার ব্যারেলপ্রতি ১১০ ডলার, মধ্যপ্রাচ্যের সংঘাতই কি মূল কারণ?

৫

খাটের ওপর বৃদ্ধার গলাকাটা মরদেহ, উধাও জমির দলিল-স্বর্ণালংকার

৬

মাগুরায় গুলি করে যুবদল নেতাকে হত্যা, সড়ক অবরোধ

৭

দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

৮

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে আসা ৩ বাংলাদেশি দেশে ফিরছেন

৯

ঢাকা-দাম্মাম-জেদ্দা-রিয়াদ রুটে ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

১০

প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়তে হবে : শিক্ষামন্ত্রী

১

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

৩

উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে

৪

খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

৫

কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত 

৬

শাহজালালের (র.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

৭

প্রাথমিক-মাধ্যমিকের দুই শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি ভিন্নমাত্রার পাঠ্যবই

৮

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

৯

বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব করতে নয়: শিশুটির বাবা

১০

সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে