Dhaka Sentinel-Bangla

Sports

উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে

আবর আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জাতীয় দলের ব্যর্থতার ঢেউ আঘাত হেনেছে নির্বাচক প্যানেলেও। প্রধান নির্বাচক হাবিবুল বাশার নেতিবাচক বার্তা পাচ্ছেন নানা দিক থেকে। বাইরের ফিসফাসে উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আজ আবার মিটিংয়ে বসছেন বাশারদের নিয়ে। বিসিবির একটি সূত্র জানায়, সভায় নির্বাচক প্যানেলকে কড়া বার্তা দেওয়া হতে পারে। দল নির্বাচনে ভুলত্রুটি সামনে আনতে পারেন সভাপতি তামিম। গুঞ্জন আছে জাতীয় দল নির্বাচক প্যানেল ঢেলে সাজানোর কথা ভাবছে বোর্ড। প্রধান নির্বাচক বাশারের দিকে ‘বন্দুক’ তাক করা আছে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে প্রধান নির্বাচক বাশারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি গুঞ্জনে কান দিতে চাই না। কারণ সভাপতি তামিম ইকবাল আমাকে কিছু বলেনি।’ হাবিবুল বাশারকে প্রধান করে চার সদস্যের জাতীয় দল নির্বাচক প্যানেল গঠন করেছিলেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরিচালনা পর্ষদ অনুমোদন দেওয়ায় দুই বছরের জন্য নিয়োগ পান তারা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে বিলুপ্ত করা হয়। তামিম ইকবাল সভাপতি হয়ে বাশারদের কাজে হস্তক্ষেপ করেননি।  কেন নির্বাচক প্যানেলের কাজে হস্তক্ষেপ করবেন না– এ সম্পর্কে সমকালকে এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেছিলেন, ‘আমি নির্বাচকদের খেলোয়াড় পছন্দ করে দিলে তারা আমার দিকে আঙুল তুলবেন। আমাকেই তখন ব্যর্থতার দায় নিতে হবে। আমি চাই নির্বাচকরা পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করুক এবং জবাবদিহির ভেতরে থাকুক।’  গত এক বছরে জাতীয় দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি। তবে জিম্বাবুয়ে সফরে নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় কিছুটা সমালোচনা হয়েছে। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হোম সিরিজ, অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য সেরা নির্বাচন করেছিলেন বাশাররা। লিটন কুমার দাস চোটে পড়ায় বদলি নেওয়া পারভেজ হোসেন ইমনও ভালো করেছেন। আফগানিস্তানের বিপক্ষে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭০ রান করেছেন বাঁহাতি এ ব্যাটার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলামের মতো সেরা বোলিং লাইনআপ ছিল দলে। যদিও সেরা দল নিয়ে খেলেও সাদা বলের ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ। অ্যাওয়ে সিরিজগুলোতে ওয়ানডে ও টি২০ সংস্করণে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নির্বাচকরা নিতে চান না। ১৫ বা ১৬ জনকে নির্বাচন করা নিয়ে প্রশ্ন না থাকলেও পিঠাপিঠি সিরিজ ও টুর্নামেন্টে একই খেলোয়াড় রাখায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। এশিয়ান গেমস থেকে এই জটিলতার সৃষ্টি। এশিয়ান গেমসের দলে ছয়জন টেস্ট ক্রিকেটার থাকায় আবুধাবিতে কন্ডিশনিং মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় ছিল না। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর (৯ অক্টোবর) দুই দিন আগে জাপান থেকে আরব আমিরাতে পৌঁছান তানজিদ হাসানরা। মরুর ৪২ ডিগ্রি তাপমাত্রায় মাত্র দুই দিন অনুশীলন করে টেস্ট ম্যাচ খেলতে হয় ছয় ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও সমন্বয়হীনতা চোখে পড়ার মতো।  আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেও দেশে ফিরে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি নাজমুল হোসেন শান্তরা। দুবাই থেকে ক্রিকেটাররা দেশে ফিরেছেন দুই ভাগে। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছায় দ্বিতীয় গ্রুপ। কোচিং স্টাফের বেশির ভাগকে গতকাল শনিবার রাতে ফেরার কথা। সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আগে ফেরায় আংশিক ক্যাম্প শুরু করা সম্ভব হয়েছে শনিবার। এরই মধ্যে গতকাল রাতে হঠাৎ করে ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে সরিয়ে দেয় বিসিবি। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা ১৯ অক্টোবর ঢাকায় পা রেখে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেখানে বাংলাদেশ একসঙ্গে অনুশীলন করবে ম্যাচের দুই দিন আগে থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজটিকে বাংলাদেশের থেকে বেশি গুরুত্বের সঙ্গে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকায় আসার আগে ভারতের চেন্নাইয়ে কন্ডিশনিং ক্যাম্প করেছেন রোস্টন চেজরা। মিরপুরের উইকেটের সঙ্গে মিল থাকায় চেন্নাইয়ে ক্যাম্প করেছে দলটি। প্রতিপক্ষ যেখানে আটঘাট বেঁধে টেস্ট সিরিজ খেলতে নামছে, বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে ক্লান্তি কাটানোর সময় পাননি। টানা খেলা ও ভ্রমণ ক্লান্তি নিয়েই ম্যাচ খেলতে নামবেন শান্তরা। এই জায়গাতেই সমন্বয়হীনতা দেখছেন ক্রিকেট সংগঠকরা। তবে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

উদ্বেগ বাড়ছে নির্বাচক প্যানেলে