ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে ছাত্রদল নেতকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ককটেল বিস্ফোরণের পরপরই টিএসসিতে থাকা শিক্ষার্থীরা সন্দেহভাজন একজনকে ধরতে দৌড় দেন। একপর্যায়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এর আগে রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ছাড়াও রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণ ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য চত্বর, নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা, ডাকসুর সামনে এবং শাহবাগে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব ঘটনায় শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তিনজনকে আটক করেন। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত