২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের যাত্রা শুরু করেছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। শুরুতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল তাকে। এমনকি প্রযোজকের অভাবে একসময় বন্ধ করে দিতে হয়েছিল সিরিয়ালটির শুটিংও। তবে প্রচারের পর দেশ-বিদেশের দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘ব্যাচেলর পয়েন্ট’।
এমনকি প্রবাসীরাও মজেছিল এই সিরিয়ালে। অনেকেই বলেছেন, এই জেনারেশনের বড় অংশের আবেগ জুড়ে রয়েছে ব্যাচেলর পয়েন্ট!
প্রচারের পর থেকে জনপ্রিয় হয়ে ওঠার পর পেছনে ফিরে তাকাতে হয়নি নির্মাতা অমিকে। এমনকি অনেক শিল্পীরাও চাইতেন ব্যাচেলর পয়েন্টের অংশ হতে!
দীর্ঘ প্রায় নয় বছরের পথচলায় সিরিয়ালটি পেরিয়েছে চারটি সিজন। এবার চ্যাপ্টার ১৭-তে গিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় এই সিরিয়ালের পঞ্চম সিজন।
সোমবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ দিনের শুটিং। এর মধ্য দিয়ে পর্দায় দর্শকপ্রিয় এই সিরিয়ালের দীর্ঘ যাত্রার ইতি ঘটতে যাচ্ছে।
সিরিয়ালটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে এর বিচিত্র সব চরিত্র। কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিন, শুভ, জাকির, শিমুল, বাচ্চু, অন্তরা, রোকেয়া ও লামিয়া থেকে প্রতিটি চরিত্রই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চরিত্রগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য, সংলাপ, হাস্যরস ও অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। এসব চরিত্রের নানা ঘটনা ও সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় এসেছে।
শেষ দিনের শুটিং ঘিরে আবেগাপ্লুত নির্মাতা কাজল আরেফিন অমি। নিজের অনুভূতি জানিয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, “খুবই ইমোশনাল হয়ে যাচ্ছি। সময়টাকে ধরে রাখতে ইচ্ছে করছে।”
বঙ্গ, বুম ফিল্মস এবং চ্যানেল আইতে প্রচারিত ‘ব্যাচেলর পয়েন্ট’ তরুণ দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। অনেকের মতে, দর্শক চাহিদায় বাংলাদেশের সর্বকালের সেরা ১০ সিরিয়ালের তালিকায় থাকবে ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রায় নয় বছরের এই যাত্রায় হাসি, আনন্দ ও নানা গল্পের মধ্য দিয়ে সিরিয়ালটি হয়ে উঠেছে দেশের বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত ধারাবাহিক।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত