শারজায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ড্র করেছে আফগানিস্তান এবং জিম্বাবুয়ে। এই টেস্টে বিরল এক রের্কড গড়েছে জিম্বাবুয়ে। এক টেস্টের দুই ইনিংসে অন্তত পাঁচশত রান করে ইতিহাস গড়েছে দলটি। একই সঙ্গে টেস্ট ইতিহাসে এক ম্যাচে তিন ইনিংসে পাঁচশোর বেশি রানের রেকর্ডও হয়েছে। পাশাপাশি ব্যাক্তিগত রের্কড করেছেন জিম্বাবুয়ে ব্যাটার ক্রেইগ আরভিন। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় তিনি।
বৃহস্পতিবার শারজায় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ১৩৪.৩ ওভারে ৫০৪ রানে প্রথম ইনিংসে থামে তারা। জবাবে ১৬৯.৪ ওভারে ৫১৪ রান করে অল আউট হয় আফগানরা। ১০ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্রায়ান বেনেটের দল। ১২২.১ ওভারে ৫ উইকেটে ৫২৩ রান তোলে তারা। চতুর্থ ইনিংসের সুযোগ হয়নি, তার আগেই পঞ্চমদিনের খেলা শেষ হয়।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্রেন্ডন টেইলর এবং অধিনায়ক ব্রায়ান বেনেট সেঞ্চুরি করেন। টেইলর করেন ২০৬ বলে ১২৮ রান এবং বেনেট করেন ১৬৮ বলে ১৩১ রান। শেষের দিকে ওয়েসলি মাধভেরে ৫৪ এবং তাফাদজওয়া সিগার ৪৪ রানে ভর করে ৫০৪ রানে অল আউট হয় জিম্বাবুয়ে।
আফগানদের হয়ে মোহাম্মদ সালিম ও কায়েস আহমেদ নেন ৩টি করে উইকেট। ২টি উইকেট নেন জিয়া-উর-রহমান।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের তিন ব্যাটার শতকের দেখা পান। সেদিকউল্লাহ অটল ২১৩ বলে ১০৫ রান করেন। রহমানউল্লাহ ১৮৮ বলে ১১৩ রান করেন। অধিনায়ক রহমত শাহ ১৭৩ রান করে আউট হন। তার ইনিংসে ১৪টি চার ও ৩ টি ছক্কার মার ছিল। শেষের দিকে ইকরামের ৪০ এবং কায়েস আহমেদ ২৭ রানে ভর করে ৫১৪তে থামে আফগানরা
জিম্বাবুয়ের হয়ে বোলিংয়ে ৫টি উইকেট নেন নিউম্যান নিয়ামুরি। বাকি ৩টি উইকেট নেন গ্রায়েম ক্রেমার।
১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্রায়ান বেনেটের দল। ক্রেইগ আরভিনের ডাবল সেঞ্চুরিতে লিড নিতে থাকে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ২৭৯ বলে ২০৬ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ২৩টি চার ও ২টি ছক্কার মার ছিল। ওয়েসলি মাদেভেরে ১০৮ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তারা দুজন মিলে ২০৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। এতে করে পঞ্চম দিনের খেরা শেষ হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
আফগানদের হয়ে বোলিংয়ে ২টি উইকেট নেন জিয়া-উর-রহমান। একটি করে উইকেট নিয়েছেন আব্দুল মালিক ও মোহাম্মদ সালিম।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত