সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেছেন।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীকে অসম্মান করার অভিযোগ এবং চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিকদের প্রতিবাদের মুখে আয়োজক কমিটি তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনুষ্ঠান থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে গত শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে পরীমনি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
তার শেয়ার করা পোস্টারটি নিয়ে জাতীয় পত্রিকার এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’
এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তাদের প্রতিবাদের মুখে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিষয় : পরীমনি

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত