হামে আক্রান্ত হয়ে দেশে শিশুদের মৃত্যুর ঘটনায় সব দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হামে শিশু মৃত্যুর জন্য তিনিই দায়ী। এ ঘটনায় অন্য কাউকে দোষারোপ করবেন না বলেও জানিয়েছেন তিনি। আজ সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামে মৃত্যুর দায় তো আমার, দায়ী আমি। আমাকে ফাঁসি দেন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি। আমার সরকারের ব্যর্থতা না।’ টিকা না নেওয়ার প্রবণতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।’ একটি হাসপাতালে ভর্তি হামের রোগীদের প্রায় কারও টিকা নেওয়ার ইতিহাস নেই বলেও তাঁকে জানানো হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, ‘মা-বাবার অবহেলা এবং ইনজেকশনের ভয়ে অনেকে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসেন না। তবে প্রটোকলের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুমোদিত আন্তর্জাতিক মানের।’ শিশু হাসপাতালের আগে এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। শিশু হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।