Dhaka Sentinel-Bangla

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল

বিশ্ববাজারে সোনার দাম আবার বাড়ছে। গত সপ্তাহে প্রায় ৫ শতাংশ বৃদ্ধির পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস আজ সোমবারও এটির দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির পরাজয়ের পর সে দেশের মুদ্রা ডলারের দরপতন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় সোনার বাজারে প্রভাব পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৯৪ দশমিক ৪৩ ডলারে উঠেছে। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল। ৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি দাম এক পর্যায়ে ৪ হাজার ১৪৬ দশমিক ৬৩ মার্কিন ডলারে উঠেছিল। ২০ অক্টোবরের পর এটিই সোনার সর্বোচ্চ দাম। তবে গত শুক্রবার সোনার বাজারে কিছুটা ছন্দপতন ঘটে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় ডলারের দর ও সরকারি বন্ডের মুনাফা বেড়ে যায়। এতে সোনার দাম কমে। শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ শতাংশ কমে ৪ হাজার ৪৭ দশমিক ১০ ডলারে নেমে আসে। তবে সার্বিকভাবে গত সপ্তাহে সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রভাব সোনার মূল্য বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভূমিকা আছে। ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পান। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি বাস্তবায়ন এবং সরকারি ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের ধারণা, কংগ্রেসে দুই দলের মধ্যে রাজনৈতিক বিরোধ বাড়লে সরকারের ব্যয় ও অর্থনৈতিক নীতিসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আর্থিক বাজার নিয়ে অনিশ্চয়তা বাড়বে। সাধারণত এ রকম অনিশ্চয়তার পরিস্থিতিতে বিশ্ববাজারে বিনিয়োগকারীরা ‘সেফ হ্যাভেন’খ্যাত বা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত সোনার দিকেই ঝুঁকতে শুরু করেন। তেলের দাম কমায় স্বস্তি সোনার মূল্য বৃদ্ধির আরেকটি কারণ হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে তেলের সরবরাহ নিয়ে দফায় দফায় উদ্বেগ তৈরি হয়। তাতে জ্বালানি তেলের দাম বেড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা দেখা দেয়। তখন উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়। তবে সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা দেখা দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে। এতে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে রাখার প্রয়োজনীয়তাও কমতে পারে—বিনিয়োগকারীরা এমনটাই মনে করছেন। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা বাড়ছে শুধু বিনিয়োগকারীদের চাহিদা নয়, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনার কারণেও বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিট ৩২১ টন সোনা কিনেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকের পর আর কোনো ত্রৈমাসিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো এত সোনা কেনেনি। এদিকে চলতি বছরের প্রথম ৯ মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট সোনা কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৫ টন। আগের বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার অন্যতম কারণ হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভে বৈচিত্র্য আনা ও ঝুঁকি কমানো। বিশেষ করে ভূরাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা ও বিভিন্ন দেশের ঋণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুত বাড়াচ্ছে। সোনায় বিনিয়োগে প্রাতিষ্ঠানিক আগ্রহ বাড়ছে সোনায় বিনিয়োগের আরেকটি বড় মাধ্যম হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ)। এসব তহবিলের মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি সোনা না কিনেও সোনার বাজারে বিনিয়োগ করতে পারেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক জুলাই–সেপ্টেম্বরে সোনাভিত্তিক ইটিএফে নতুন করে ২১১ টন সোনা যুক্ত হয়েছে। ফলে এসব তহবিলে মোট সোনার মজুত বেড়ে রেকর্ড ৪ হাজার ২৫৬ টনে পৌঁছেছে। তবে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের বার ও কয়েন কেনার চাহিদা কমেছে। অন্যদিকে সোনার দাম বেশি থাকায় গয়নার চাহিদাও কমেছে। তৃতীয় প্রান্তিকে বিশ্বে সোনার গয়নার চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ কমে ৩১৩ টন হয়েছে। সামনে কী হবে বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি, তাদের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি—এসবের ওপর সোনার দামের গতিবিধি নির্ভর করবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক বা সিপিআইয়ের পরবর্তী তথ্যের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি হারে কর্মসংস্থান হয়েছে। দেশটিতে বেকারত্বের হার কমে ৪ দশমিক ১ শতাংশে নেমেছে। ফলে ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—এমন ধারণা জোরালো হয়েছে। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর ডিসেম্বর মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা ৮১ শতাংশে উঠেছিল, এর আগে যা ছিল ৭৩ শতাংশ। সুদের হার বাড়লে সোনার বাজারে চাপ তৈরি হতে পারে। অন্যদিকে মূল্যস্ফীতি কমলে এবং ডলার দুর্বল থাকলে সোনার দাম আরও বাড়তে পারে।

বিশ্ববাজারে সোনার দাম ৪ হাজার ডলার ছাড়াল