Dhaka Sentinel-Bangla

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির

বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্মের পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন ভিন্ন ধর্মের দুই ব্যক্তি। তাঁদের একজন হিন্দু, অন্যজন মুসলিম। সন্তান জন্মের সময় এক ব্যক্তি হাসপাতালে উপস্থিত থাকলেও পরে সেখানে এসে নিজেকে নবজাতকের বাবা দাবি করেন আরেকজন। এ নিয়ে গতকাল রোববার নগরের আরিফ মেমোরিয়াল হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের প্রসূতি সেখানে সন্তান জন্ম দেন। এ সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে সন্তান জন্মের পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে নবজাতকের বাবা বলে দাবি করেন। এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের পর বরিশালের চরমোনাই ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন কাগজপত্রও দেখান এমদাদুল। এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে সটকে পড়েন শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে শান্তার দাবি, এমদাদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য কাগজপত্রের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি। স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। পরে তাঁরা বিয়ে করেন। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। স্থানীয় সূত্র জানায়, শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্বামীর কাছেও যেতেন। আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পরে পিতৃত্ব দাবি করা দুই ব্যক্তিও হাসপাতাল ছেড়ে চলে যান।

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির