Dhaka Sentinel-Bangla

সাগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দেড় বছরে ৩ খুন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড উপকূলে (সন্দ্বীপ চ্যানেল) সাগর থেকে বালু উত্তোলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় বছরে ৩ জন খুন হয়েছেন। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এলাকায় একের পর এক সংঘর্ষের ঘটনাও ঘটছে। এদিকে অপরিকল্পিতভাবে বালু তোলায় উপকূলীয় বসতি হুমকির মুখে পড়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি সাগর থেকে পুনরায় বালু উত্তোলন শুরু হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে। সাগর থেকে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশগত প্রভাব তদন্তের দাবিতে গত ২৪ ও ২৫ অক্টোবর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।  স্থানীয়দের অভিযোগ, সাগরে বালু তোলায় আধিপত্য বিস্তার নিয়ে সাদ্দাম ও তাঁর বাহিনীর হাতে গত ১৬ অক্টোবর রাতে তারেক হোসেন বাপ্পি নামে এক যুবদল কর্মী খুন হন। তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটে। তাঁকে বাঁচাতে গিয়ে তাফসির আলম শাওন নামে এক তরুণ গুলিবিদ্ধ হন। এ ছাড়া চলতি বছর ৩১ জানুয়ারি মো. সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় সাদ্দামের বাহিনী। চার দিন পর তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত বছর ১৭ ফেব্রুয়ারি সাগর থেকে অবৈধভাবে বালু তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রাম জলদাস নামে এক জেলেকে পিটিয়ে সাগরে ফেলে দেয় সাদ্দামের সহযোগীরা। তাঁর ছোট ভাই লিটন জলদাসকে তুলে নিয়ে মারধর করা হয়। ঘটনার দু্দিন পর সাগর থেকে রাম জলদাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাড়বকুণ্ড ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলিনগর গ্রামের রেজাউল করিম সাদ্দাম ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক। থানা সূত্রে জানা গেছে, সাদ্দামের বিরুদ্ধে খুন, ছিনতাই, ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৭টি জিডি করেছেন ভুক্তভোগীরা। সীতাকুণ্ড উপজেলা যুবদলের সভাপতি কাজী মোহাম্মদ সেলিম সমকালকে বলেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে বাড়বকুণ্ডে সাগর উপকূলে সংঘটিত প্রতিটি হত্যা ও সংঘর্ষের ঘটনায় সাদ্দাম ও তাঁর বাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বালু উত্তোলনে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ বজায় রাখতেই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।  অভিযোগ অস্বীকার করে রোববার বিকেলে সাদ্দাম হোয়াটসঅ্যাপে সমকাল প্রতিবেদককে জানান, এসব হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর বাহিনীর সম্পৃক্ততা নেই। সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার বাপ্পি তাঁর ম্যানেজার ছিল। তাঁর প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।  এ বিষয়ে বক্তব্য জানতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। সাগরে বালু তোলার চিত্র ও কর্তৃপক্ষের বক্তব্য গত শুক্র ও শনিবার সরেজমিন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সাগর থেকে বালু উত্তোলনের জন্য পাইপলাইন বসানো দেখা গেছে। ১৮-২০টি ড্রেজার দিয়ে পুরোদমে বালু তোলা হচ্ছে। বালু তোলায় যুক্ত থাকা ‘ডিপ ডিগার্স লিমিটেড’, ‘এমআর ট্রেডার্স’ ও ‘কনস্টা এইড লিমিটেড’সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা নিয়ম মেনে বালু তুলছেন। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ-চট্টগ্রাম) পরিচালক মোহাম্মদ রেজা খন্দকার বলেন, ‘বিআইডব্লিউটিএ সন্দ্বীপ চ্যানেল থেকে বালু উত্তোলনের জন্য কোনো অনুমতি দেয়নি। কিছু প্রতিষ্ঠান বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বালু তুলছে বলে আমরা শুনেছি।’ বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ রেফায়েত হামিদ ফোনে জানান, সন্দ্বীপ চ্যানেলে বালু উত্তোলন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো যাবে। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, একাধিক প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে বন্দর থেকে অনুমতি পেয়েছে দাবি করে সাগর থেকে ড্রেজার দিয়ে বালু তুলছে। তবে এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ সঠিক তথ্য দিতে পারবে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর কয়েকটি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমতি দিয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আমরা পুরোপুরি অবগত নই। দ্রুতই খোঁজ নেওয়া হবে।

সাগরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দেড় বছরে ৩ খুন