যুক্তিনির্ভর চিন্তা, মেধা ও মননশীলতার প্রতিযোগিতায় নরসিংদীতে অনুষ্ঠিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী সরকারি কলেজ। ফাইনাল রাউন্ডে পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে কলেজটির বিতার্কিক দল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নরসিংদী সরকারি কলেজের কনফারেন্স রুমে ‘সাহিত্যের সন্ধানে’র আয়োজনে এবং নরসিংদী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় চারটি শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তীতে সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় নরসিংদী সরকারি কলেজ ও পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ।
ফাইনাল পর্বে "আগামীর বাংলাদেশ চাকরি প্রার্থীর নয়, চাকরি দাতার" এ বিষয়ে বিতর্কে প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে নরসিংদী সরকারি কলেজ। প্রতিপক্ষের সঙ্গে যুক্তিতর্কে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী নির্বাচিত হয় নরসিংদী সরকারি কলেজের বিতার্কিক দল।
নরসিংদী সরকারি কলেজ ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মুহাম্মদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, উপাধ্যক্ষ অধ্যাপক মো. খাদিম হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম ভূঁইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম এবং নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
এছাড়া উপস্থিত ছিলেন ‘সাহিত্যের সন্ধানে’র প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার এবং দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামাল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সুস্থ বিতর্কচর্চার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

মতামত