ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারকে হারানোর পর এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়েছেন শামার জোসেফ। তার ১৪১ কিলোমিটার গতির দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন শান্ত। ফলে আরও চাপে পড়েছে স্বাগতিকরা।
দ্রুত দুই উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়কে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন শান্ত। উইকেটে থিতু হয়ে রান বাড়ানোর অপেক্ষায় ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে ৬৫ বলের বেশি টিকতে পারেননি তিনি। শামারের গতির কাছে পরাস্ত হয়ে ১৮ রানেই থামতে হয়েছে তাকে।
এর আগে সাদমান ইসলামের চোটের কারণে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন নাঈম হাসান। তবে ক্যারিয়ারে প্রথমবার ওপেন করতে নেমে সুবিধা করতে পারেননি তিনি। ইনিংসের পঞ্চম ওভারে জেইডেন সিলসের বলে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম। ৬ বলে করেন ৫ রান।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ব্যর্থ হয়েছেন। জাস্টিন গ্রিভসের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ড্রাইভ করতে গিয়েছিলেন তিনি। তবে কভারে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ নেন কেভিন উইকহ্যাম। ৩৩ বলে ১৬ রান করে ফেরেন তানজিদ।
২২ রানে দুই ওপেনারকে হারানোর পর চা-বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর শান্ত ও হৃদয় জুটি গড়ার চেষ্টা করলেও রান তুলতে বেশ ভুগছিলেন। শেষ পর্যন্ত শান্তর বিদায়ে ভাঙে সেই জুটি। ২৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ঢাকা সেন্টিনেল/রিমন হাসান
বিষয় : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

মতামত