Dhaka Sentinel-Bangla

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবকের (৪০) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে আটকের পর রাতে তার বিরুদ্ধে মামলা করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে সোমবার দুপুরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।  তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া বলে আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই যুবক। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল থেকে ওই যুবকের নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ পোস্ট ছড়িয়ে পড়তে শুরু করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ওই দিন মধ্যরাতে তাহিরপুর থানায় গিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই যুবক। জিডিতে নিজের ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন ওই যুবক। গ্রেফতার যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি আগে পুলিশের কনস্টেবল ছিলেন। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমদ বলেন, ‘ওই যুবক সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন। দীর্ঘদিন অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননামূলক একটি পোস্ট দেওয়া হয়। এটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সোমবার দুপুরে গ্রামে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে তাকে আটক করে। পুলিশ তাকে নিয়ে নৌকায় ওঠার সময়ে পেছন থেকে কিছু কিশোর-তরুণ ঢিল ছোড়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর তাকে দ্রুত থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার পর তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, মেহেদী হাসানসহ অন্যরা গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। তারা এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানান।

সুনামগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে