মরিশাসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি শ্রমিক। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এ ঘটনা ঘটে। মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন শ্রমিক হলেন— মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকাল ৫টা ৫৫ মিনিটের দিকে একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি বাক্স নামাচ্ছিলেন ওই তিন শ্রমিক। এ সময় অজ্ঞাত কারণে ভারী বাক্সটি হঠাৎ তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।ঢাকা সেন্টিনেল/রিমন হাসান
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।