Dhaka Sentinel-Bangla

'দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে'

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, সরকারের সফলতাকে ব্যর্থতায় পরিণত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই একটি অপশক্তি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে এবং ফ্যাক্টরিগুলোতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা এ ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে। যার কারণে আমাদের সচেতন থাকতে হবে।  তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, নিষিদ্ধ সংগঠনটির কথিত ফ্যাসিস্ট দোসর দালালরা আবার বাংলাদেশকে পাশের একটি দেশের ইন্দন মদদে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে লিপ্ত রয়েছে। এছাড়াও যেসব ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছিল, সে অপশক্তিরাও আবার নতুন করে কথিত ফ্যাসিস্ট সরকারের সাথে মিলে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। তারা ননইস্যুকে ইসু করে অযৌক্তিকভাবে আন্দোলন করে পুরো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যহত করা যাবে না।  বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চেয়ারম্যান মাহবুবুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ। এর আগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পুকুরে মাছের পুনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।

'দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে'