দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১১৮ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর বিশেষজ্ঞ দল। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে দাঙ্গা নিয়ন্ত্রণ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল শেখানো হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাহিনীটির ইতিহাসে প্রথমবারের মতো তুরস্কের জেন্ডারমেরি বাহিনীর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল এ প্রশিক্ষণ পরিচালনা করে। গত ১ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণে বিসিএস (আনসার) কর্মকর্তা, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। একই অনুষ্ঠানে ২৮ দিনব্যাপী উপজেলা/থানা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১ কোর্সেরও সমাপ্তি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং সেনাবাহিনীর প্রশিক্ষকরা দায়িত্ব পালন করেন। আরও পড়ুনআরও পড়ুনসরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, তুরস্কের বিশেষজ্ঞ দলের মাধ্যমে এ প্রশিক্ষণ বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দেশের যেকোনো স্থানে জনশৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাহিনীর আধুনিক সরঞ্জাম ও অপারেশনাল সক্ষমতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে। প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগ এবং নিজ নিজ ইউনিটের অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সততা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক দূতাবাসের প্রতিনিধি, প্রশিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।