বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তার বাবা কে এম এনায়েতুল করিম বলেছেন, দীপ যা বলেছে এবং করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ। এর সঙ্গে কে জড়িত বা কে কী করেছে, আমি বুঝতে পারছি না।
শনিবার (৩১ অক্টোবর) উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমার ছেলে অত্যন্ত মেধাবী একজন পাইলট, একজন কমিশন্ড অফিসার। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছিল। সবার সঙ্গে তার চমৎকার সুসম্পর্ক ছিল। কারও কোনো সমস্যা শুনলে সে ছুটে যেত। যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকত। এমন ছেলের এমন দুর্ঘটনা আমরা একেবারেই মেনে নিতে পারছি না।’
ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হয় তাহসিফ। যাওয়ার সময় মাকে বলেছিল, আমি এক্ষুণি কথা বলে আসছি। এরপর আর বাসায় ফেরেনি সে। পরদিন বিকালে, সন্ধ্যার আগে নৌ পুলিশ আমাকে ফোন করে জানায়, রাজাবাড়ি ঘাটে আমার ছেলের মরদেহ পাওয়া গেছে। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয়বিদারক।
ছেলের মৃত্যুর কারণ উদঘাটনে উত্তরখান থানায় একটি অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, আমি উত্তরখান থানা বরাবর একটি আবেদন করেছি। সেখানে আমার ছেলের মৃত্যুর কারণ উদঘাটন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আবেদন জানিয়েছি।
তাহসিফের বাবার অভিযোগ, তার ছেলের বন্ধু দীপের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীপ তাদের বাসায় যাতায়াত করতেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়াও করতেন। তাকে নিজের ছোট ছেলের মতোই দেখতেন তারা।
তিনি বলেন, দীপ আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর আমার ছেলে আর ফিরে আসেনি। পিবিআইয়ের তদন্তের সামান্য কিছু আমি দেখেছি। সেখানে পরবর্তী সময়ে সে স্বীকার করেছে, তারা একসঙ্গে টঙ্গীতে গিয়েছিল। কিন্তু দীপ আমাকে বলেছিল, সে আমার ছেলেকে এই কম্পাউন্ডের মধ্যে রেখে গিয়েছে। বিষয়গুলো আসলে প্রশ্নবিদ্ধ। এর সঙ্গে কে জড়িত বা কে কী করেছে, আমি বুঝতে পারছি না।
ছেলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি আশা করি, সম্মানিত সাংবাদিকরা এ বিষয়ে আন্তরিক হবেন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। রাষ্ট্র তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, একজন সুনাগরিক হিসেবে এটাই আমার প্রত্যাশা।
ছেলের মৃত্যুর ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও বাবা হিসেবে শক্ত থাকার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারই এখন তাদের পরিবারের প্রত্যাশা।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত