কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় এবার পাস করেছেন ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৮৮৬ জন।
গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। সে বছর জিপিএ ৫ পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ২৪ শতাংশ পয়েন্ট, অন্যদিকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭৬ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
এবার সার্বিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
অন্যদিকে গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে বছর জিপিএ ৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। ফলে এবার সামগ্রিকভাবে পাসের হার ও সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত ও ব্যাবহারিক পরীক্ষা মিলিয়ে মূল পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।
বিডি-প্রতিদিন/টিএ
বিষয় : কারিগরি বোর্ড পাসের হার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত