জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
আলী রেজা বলেন, আজ ভর্তি পরীক্ষাসংক্রান্ত প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১০ থেকে ২১ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটি বাদে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তবে এবারও বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এ বিষয়ে আলী রেজা বলেন, এ বছর বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে নেওয়ার বিষয়ে গঠিত বাস্তবায়ন কমিটির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পৃথক চারটি উপকমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে এবার বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা না নেওয়ার কারণ হিসেবে জানুয়ারি মাসে অন্য বিশ্ববিদ্যালয়গুলোয় পরীক্ষা আয়োজনের সময়সূচি পাওয়া না যাওয়ার কথা জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম।
শামছুল আলম বলেন, ‘জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই। তবে তাদের স্লট বুক ছিল। এবার বিভাগীয় শহরে পরীক্ষা নিলে আমরা এপ্রিলের দিকে স্লট পেতাম। তাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার আমরা বিভাগীয় শহরে পরীক্ষা নিচ্ছি না। তবে পরের বার যেন নেওয়া যায়, সে লক্ষ্যে অনেক কাজ আমরা এগিয়ে রেখেছি।’
এদিকে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার ফি ও ন্যূনতম যোগ্যতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
আলী রেজা বলেন, এখনো এইচএসসির রেজাল্ট দেয়নি। তাই এ বিষয়ে এ মুহূর্তে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
রেজিস্ট্রার বলেন, ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে এবার আইন বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
উল্লেখ্য, গত বছর আইন বিভাগ কলা ও মানবিক অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিষয় : শিক্ষা বিশ্ববিদ্যালয় জাবি ভর্তি পরীক্ষা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত