ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত সাদ্দাম একই এলাকার বাবুল মিয়া ছেলে। রবীন্দ্রর সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে। ঘটনার পর সাদ্দামের খোঁজ মিলছে না।
পুলিশ রবীন্দ্রর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত