Dhaka Sentinel-Bangla

শাকিল হত্যা মামলায় আবারও রিমান্ডে এমপিপুত্র মিন্টু

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৭ অক্টোবর মিন্টুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৩০ অক্টোবর তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল দ্বিতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করা হয়। এ সময় আদালতে মিন্টুর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি নিজেই আদালতে কথা বলেন। শাকিল হত্যা মামলার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, অধিকতর তদন্তের জন্য মিন্টুকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নাটোরের গোয়েন্দা পুলিশের সদস্যরা নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরদিন তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নাটোর জজ কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি শরিফুল হক মুক্তা বলেন, আদালতের অনুমতি নিয়ে মিন্টু জানিয়েছেন, গুরুদাসপুর থানার পুলিশ তাঁকে আটকের পর জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই সময় তদন্ত কর্মকর্তার সব প্রশ্নের উত্তর দিয়েছেন বলেও আদালতকে জানান তিনি। এরপরও তাঁকে আবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলার তদন্ত গুরুত্বের সঙ্গে চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ পর্যন্ত মিন্টুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। পরে ২৬ অক্টোবর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাকিল হত্যা মামলায় আবারও রিমান্ডে এমপিপুত্র মিন্টু