মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় দেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় ১৪ আসামির মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার তিন আসামির স্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, নাসির মিয়া, গিয়াস মিয়া, বিল্লাল মিয়া ও দুলাল মিয়া। অন্যদিকে মুহিবুর রহমানকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং জয়নাল মিয়াকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। স্বাভাবিক মৃত্যু হওয়া তিন আসামি হলেন ফারুক মিয়া, ছরুক মিয়া ও রাজা মিয়া। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে সৎভাই ও তাদের স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগমকে (৩০) হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার মিয়া, মো. আলী ইসলাম ও নাজমিন বেগমকে খালাস দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, দণ্ডিত আসামিদের কাছ থেকে আদায় করা অর্থদণ্ডের পুরো টাকা নিহতের পরিবারের সদস্যদের দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।