Dhaka Sentinel-Bangla

অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় বেকসুর খালাস রাহুল গান্ধী

অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দীর্ঘ আট বছর ধরে চলা ফৌজদারি মানহানির মামলা থেকে মুক্তি পেয়েছেন রাহুল গান্ধী। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত তাকে খালাস দিলে স্বস্তি প্রকাশ করেন তার সমর্থকেরা। রায়ের পর আদালত চত্বরে ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগান দেন তারা। উপযুক্ত প্রমাণের অভাবের কথা উল্লেখ করে ২০১৮ সালে দায়ের করা ওই মামলা থেকে সোমবার রাহুলকে খালাস দিয়েছে উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমএলএ-এমপি আদালত।   ২০১৮ সালে কর্ণাটক বিধানসভার নির্বাচনের আগে বেঙ্গালুরুতে নির্বাচনি প্রচারণা চলার সময়ে অমিত শাহকে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেছিলেন রাহুল। কংগ্রেস নেতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতে মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। ২০১৮ সালের ৪ আগস্ট ওই মামলা করেছিলেন বিজয়। এরপর থেকে মামলাটি কয়েক বছর ধরে বিভিন্ন ধাপ অতিক্রম করে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে রাহুল আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ২০২৪ সালের জুলাই মাসে তার জবানবন্দি রেকর্ড করা হয়। পাশাপাশি বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত অভিযোগকারী ও অন্যান্য সাক্ষীদেরও জবানবন্দি গ্রহণ করে।  চলতি বছরের ৬ অক্টোবর মামলাটিতে যুক্তি উপস্থাপন শুরু হয় এবং তা চলে ১২ অক্টোবর পর্যন্ত। আদালত রায় ঘোষণার জন্য ২৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছিলেন বিশেষ ম্যাজিস্ট্রেট শুভম ভার্মা। রায় ঘোষণা শোনার জন্য আদালতে হাজির ছিলেন রাহুল।  আদালত রাহুলকে বেকসুর খালাস দেওয়ার পরেই তার সমর্থকেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। আদালতের মধ্যেই তারা ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন। কংগ্রেস দলের পক্ষ থেকে আদালতের রায়কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখা হয় ‘সত্যেরই জয় হয়’।   চূড়ান্ত শুনানির সময়, রাহুল গান্ধীর আইনজীবী এদিন আদালতে স্বীকার করেন, কংগ্রেস নেতা এই মন্তব্যগুলো করেছিলেন। তবে তিনি যুক্তি দেন, মন্তব্যগুলো সৎ উদ্দেশ্যে করা হয়েছিল। কাউকে অপমান করার কোনো ইচ্ছে ছিল না। রাহুলের আইনজীবী আরও বলেন, মন্তব্যগুলোকে বিকৃত করে প্রসঙ্গের বাইরে উপস্থাপন করা হয়েছে। 

অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় বেকসুর খালাস রাহুল গান্ধী