আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী সিটি করপোরেশনে রাগিব আহসান মুন্না, ঢাকা উত্তর সিটি করপোরেশনে হাসান হাফিজুর রহমান সোহেল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মঞ্জুর মঈন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ মঙ্গলবার সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রার্থী ঘোষণার কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পার্টির ফোরামে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সিপিবি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ঘোষিত প্রার্থীদের মধ্যে রাগিব আহসান মুন্না সিপিবির প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি)। হাসান হাফিজুর রহমান সোহেল সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির সভাপতি। অন্যদিকে মঞ্জুর মঈন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক। বিবৃতিতে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন জানান, স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে সিটি করপোরেশনগুলোকে প্রকৃত অর্থে স্বায়ত্তশাসিত নগর সরকার হিসেবে গড়ে তোলার সংগ্রাম করছে দলটি। স্থানীয় সরকারকে কার্যকর ও শক্তিশালী করা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। আবদুল্লাহ ক্বাফী আরও বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করা, পরিকল্পিত নগরায়ণ, যানজট ও জলাবদ্ধতা নিরসন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নিম্ন ও মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের আবাসন ও জীবিকার অধিকার রক্ষায় সিটি করপোরেশনকে ভূমিকা রাখতে হবে। রতন সিটি করপোরেশনকে নাগরিক সেবা দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান। সিটি করপোরেশনগুলোতে বিনা ভোটে প্রতিষ্ঠিত দলীয় কর্তৃত্ব ও দখলদারত্বের অবসান ঘটাতে হবে উল্লেখ করে রতন বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে স্থানীয় সরকারের দায়িত্ব দিতে হবে যাতে নগরবাসী নিজেদের শহরের উন্নয়ন, পরিকল্পনা ও পরিচালনায় কার্যকর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।