Dhaka Sentinel-Bangla

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

মাদারীপুর শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকায় বাবার বাড়ি থেকে মারিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইমরান ব্যাপারীকে আটক করা হয়েছে। মারিয়া টিবি ক্লিনিক রোড এলাকার হানিফ মুন্সির মেয়ে। ইমরান ব্যাপারীর বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকায়। তাঁর বাবা কালাম ব্যাপারী। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে মারিয়া আক্তারের সঙ্গে ইমরান ব্যাপারীর বিয়ে হয়। বিয়ের পর খুঁটিনাটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে মারিয়া বাবার বাড়িতে চলে আসেন। রোববার রাতে ইমরান মারিয়ার বাবার বাড়িতে আসেন। সোমবার সকালে পরিবারের সদস্যরা নিজ ঘরে মারিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ঘটনার পর ইমরান সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে স্থানীয় লোকজন ইমরানকে আটক করে পুলিশের কাছে দেন। নিহত মারিয়ার চাচি রুমা আক্তার বলেন, ‘পাঁচ লাখ টাকার মালামাল দিয়ে বিয়ে দেওয়ার পরও প্রায়ই মারিয়াকে মারধর করত তার স্বামী। রোববার রাতে এসে মারিয়াকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায় ইমরান। এই ঘটনার কঠিন বিচার চাই।’ মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে কিছু পরিষ্কার করে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।’

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক