আর্থিক সেবায় নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় কম। ২০২৫ সালে প্রাপ্তবয়স্ক পুরুষদের ৬৯.৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় থাকলেও নারীদের ক্ষেত্রে এই হার ৬০.৯ শতাংশ। ব্যবধান ৮.৬ শতাংশীয় পয়েন্ট। সামগ্রিকভাবে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪.৫ শতাংশ আর্থিক সেবার আওতায় এসেছে। অর্থাৎ ৩৫.৫ শতাংশ মানুষ এখনো এই সেবার বাইরে। বাংলাদেশ ব্যাংকের ‘ফিন্যান্সিয়াল ইনক্লুশন রিপোর্ট বাংলাদেশ, ২০২৫’-এ এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদন তৈরিতে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে। ৮ বিভাগ ও ৬৪ জেলার ৬ হাজার ৯১২টি পরিবারের ১৫ বছর বা তার বেশি বয়সী একজন করে সদস্যের কাছ থেকে তথ্য নেওয়া হয়। শিক্ষা ও বসবাসের এলাকার সঙ্গেও আর্থিক সেবা গ্রহণের পার্থক্য প্রতিফলিত হয়েছে প্রতিবেদনে। এতে দেখানো হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই—এমন মানুষের ৫৫.১ শতাংশ আর্থিক সেবার আওতায় রয়েছে, যেখানে উচ্চশিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ৮৯.৬ শতাংশ। আবার শহরে অন্তর্ভুক্তির হার ৬৬.৮ শতাংশ, গ্রামে সেটি ৬৩.৬ শতাংশ। প্রতিবেদনে দাবি করা হয়, গ্রামে সেবা পৌঁছাতে এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে দেশে এজেন্ট ব্যাংকিং আউটলেট ছিল ২০ হাজার ৫০১টি, যার ৮৫.৫ শতাংশ গ্রামে। এই ব্যবস্থায় হিসাব ছিল ২ কোটি ৫৮ লাখ ৩২ হাজার ৯৮১টি; এর ৮৪.৬ শতাংশ গ্রামীণ এলাকার। ডিজিটাল সেবারও বিস্তার ঘটেছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হিসাব দাঁড়ায় ২৫ কোটি ২ লাখ ৪০ হাজার, যা আগের বছরের চেয়ে ৪.৮৪ শতাংশ বেশি। নারী গ্রাহকের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। এই সময়ে এমএফএসে লেনদেন ২৫.৫৮ শতাংশ বেড়ে ২১ লাখ ৮৩ হাজার ১০০ কোটি টাকায় পৌঁছেছে। তবে হিসাব বাড়লেও আর্থিক সেবার কার্যকর ব্যবহার বাড়ছে না। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের হিসাব ৭.৬৭ শতাংশ বেড়ে ৪ কোটি ৫৯ লাখে দাঁড়িয়েছে। ঋণ হিসাব বেড়েছে ৬.৯৪ শতাংশ। তবে ঋণের স্থিতি কমেছে ১.২১ শতাংশ। ব্যাংকের মোট আমানত হিসাবের ৩৮.৫ শতাংশ নারীদের নামে, আগের বছর যা ছিল ৩৭.৭ শতাংশ। অথচ নারীদের মালিকানাধীন সিএমএসএমই উদ্যোক্তারা মোট ঋণের মাত্র ৭.৫ শতাংশ পেয়েছেন। জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের ৬৯টি লক্ষ্যের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৩টি, অর্থাৎ ৭৬ শতাংশ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে; বাকি ১৬টি আংশিক বাস্তবায়িত। এই লক্ষ্যগুলোর মধ্যে আর্থিক সাক্ষরতা, গ্রাহক সুরক্ষা ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সেবা রয়েছে। এ বিষয়ে ব্যাংক এশিয়ার সাবেক এমডি ও জয়তুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান আরফান আলী আজকের পত্রিকাকে বলেন, দেশে প্রায় সাড়ে ১৩ কোটি সঞ্চয়ী হিসাব থাকলেও তার অনেকগুলো নিষ্ক্রিয়। আবার নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং সেবায় প্রবেশও কঠিন হচ্ছে। কারণ, বেসরকারি ব্যাংকগুলো আর্থিক অন্তর্ভুক্তিতে যথেষ্ট আগ্রহী নয়। ২০ হাজার টাকার কম স্থিতির হিসাব খুলতে অনেক ব্যাংক অনাগ্রহ দেখায়; ১০ হাজার টাকা না থাকলে চেকবইও দিতে চায় না। আরফান আলীর মতে, এক-তৃতীয়াংশ মানুষকে আর্থিক সেবার বাইরে রেখে ক্যাশলেস অর্থনীতি গড়া সম্ভব নয়। এ জন্য ব্যাংক, এমএফএস, পিএসপি ও টেলিকম খাতের সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রযুক্তি, আস্থা ও সহায়ক নীতিমালা প্রয়োজন। প্রতিবেদনেও নিয়মিত ব্যবহার, আর্থিক সাক্ষরতা, ডিজিটাল দক্ষতা ও গ্রাহক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।