Dhaka Sentinel-Bangla

ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের ক্রয়মূল্য বাজারদরের তুলনায় কম উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন নাগরিক। কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উৎপাদন ব্যয় বিবেচনায় ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। নাগরিকরা বলেন, সার ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। অথচ মূল্য নির্ধারণে এসব বিষয় বিবেচনা করা হয়নি। কৃষকদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে দাম নির্ধারণ করা হয়েছে, যা তাদের ক্ষতির মুখে ফেলবে। বিবৃতিতে উৎপাদক কৃষক, বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করার দাবি জানানো হয়। ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কমপক্ষে দ্বিগুণ করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ এবং দুর্নীতি বন্ধে কার্যকর নজরদারিরও আহ্বান জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ, খুশী কবির, অ্যাডভোকেট সুলতানা কামাল, শিরীন পারভিন হক, ড. ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, অ্যাডভোকেট জেড আই খান পান্না, শাহীন আনাম, শামসুল হুদা, ড. তানজীমউদ্দিন খান, ড. জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, ড. স্বপন আদনান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট তবারক হোসেন, পাভেল পার্থ, ড. ঈশিতা দস্তিদার, রোজিনা বেগম, মনিন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান, সালেহ আহমেদ, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, ড. হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের