Dhaka Sentinel-Bangla

আয়কর রিটার্ন কখন দিলে ছাড় পাবেন, কখন জরিমানায় পড়বেন, জেনে নিন

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দেওয়ার সময় আছে আর মাত্র দুই মাস। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়া নির্ধারিত কর দিয়ে আয়কর রিটার্ন দিতে পারবেন। ১ জানুয়ারি থেকে রিটার্ন দিলে জরিমানার মুখে পড়তে হবে। এ বছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন দিতে হবে। এটি বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাই যা কর আরোপ হবে, তা স্বয়ংক্রিয়ভাবেই নির্ধারিত হবে। ফলে ১ জানুয়ারি থেকে রিটার্ন দিলে শুধু নির্ধারিত কর দিয়ে সাবমিট বা জমা দিতে চাইলে এনবিআরের সিস্টেম তা নেবে না। বর্তমান সোয়া এক কোটি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর মাত্র ৫০ লাখের মতো রিটার্ন দেন। কখন রিটার্ন দিলে ছাড়, কখন জরিমানা চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যাঁরা রিটার্ন দিয়েছেন, তাঁরা পরিশোধ করা থেকে ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা, যা কম, তা-ই ছাড় পাবেন। তবে রিটার্ন দেওয়ার সময় যে কর পরিশোধ করা হবে, সেই করের ওপর শুধু ছাড় পাওয়া যাবে। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর), অর্থাৎ এখন যাঁরা রিটার্ন দেবেন, তাঁরা কোনো ছাড় পাবেন না। যা কর আসবে, তা-ই দিলেই হবে। কোনো প্রণোদনা পাওয়া যাবে না। জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা তিন হাজার টাকা, যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে। মার্চ মাসের পর রিটার্ন দিলে জরিমানা আরও বাড়বে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকা, যেটি বেশি, সেই পরিমাণ টাকা দিতে হবে। কীভাবে কর দেবেন করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবেন। দলিল সংরক্ষণ করবেন শুধু রিটার্ন জমা দিলেই করদাতার দায়িত্ব শেষ নয়। প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত সময় পর্যন্ত সংরক্ষণ করা উচিত। কারণ, ভবিষ্যতে কর কর্মকর্তাদের নিরীক্ষায় পড়লে যেন সহজে উপস্থাপন করা যায়। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে ঝুঁকি আছে।

আয়কর রিটার্ন কখন দিলে ছাড় পাবেন, কখন জরিমানায় পড়বেন, জেনে নিন