বিভিন্ন বিতর্ক ও আইনি জটিলতার কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একাধিক সমস্যার মধ্যেই এবার নতুন করে আলোচনায় এলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বধূর সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে নিজের দৃঢ় মানসিকতার বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আইনি জটিলতায় রয়েছেন তিশা। এর পাশাপাশি নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ থেকে তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে বিরোধ ও মারামারির অভিযোগ এবং বিষয়টি সমাধানে অনীহার কারণে সংগঠনটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বধূর সাজে ছবি প্রকাশ করেন তিশা। ছবিগুলোতে তাকে দেখা গেছে লাল রঙের জমকালো বেনারসি শাড়িতে। শাড়ির সোনালি ও রুপালি জরির কারুকাজ, নকশাদার ব্লাউজ এবং লাল ওড়নায় ফুটে উঠেছে রাজকীয় বাঙালি বধূর সাজ।
তার সাজে বাড়তি আকর্ষণ যোগ করেছে মাথার টিকলি, ভারী সোনালি অলংকার, কানের ঝুমকা, গলার চোকার এবং খোঁপায় সাজানো সাদা ফুল। সব মিলিয়ে ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী।
ছবিগুলোর ক্যাপশনে তিশা ব্যবহার করেছেন কয়েকটি শক্তিশালী শব্দ। নিজের অবস্থান বোঝাতে লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ তার এই ক্যাপশন থেকে অনেকেই মনে করছেন, নানা প্রতিকূলতার মধ্যেও মানসিকভাবে ভেঙে পড়েননি তিনি। বরং নিজের অবস্থানে দৃঢ় থাকার বার্তাই দিতে চেয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনআরও পড়ুনবয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমনি
তিশার বধূর সাজের ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও বেশ সাড়া পড়েছে। অনেকে তার সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মজার ছলে অভিনেত্রীকে বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে অভিনয়জীবনেও খুব একটা স্বস্তিতে নেই তানজিন তিশা। টেলিভিশন নাটকে কাজের পরিমাণ কমিয়ে সিনেমায় মনোযোগ দিয়েছেন তিনি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তার। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হলেও এখনো কাজ সম্পন্ন হয়নি। ফলে সিনেমাটির মুক্তি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বিষয় : তানজিন তিশা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত