১২১৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে এই হামলাকে এখন পর্যন্ত হওয়া বৃহত্তম ড্রোন আক্রমণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর ইউক্রেন থেকে ১১১০টি ড্রোন দিয়ে আক্রমণ চালানো হয়েছিল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিগত রাতে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের ১২১৪টি ফিক্সড-উইং ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। জানা গেছে, ইউক্রেনের এই ড্রোনগুলো রাশিয়ার ২০টি পৃথক অঞ্চলকে লক্ষ্য করে চালিয়েছে।
এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম 'ম্যাক্স'-এ একটি বিবৃতি প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, শুধু রাজধানী অঞ্চলকে লক্ষ্য করেই রাতভর ৬১৩টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে মেয়র সোবিয়ানিনের ভাষ্য অনুযায়ী, এদের বেশিরভাগই অনেক দূরবর্তী অঞ্চলে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই সময়সীমার মধ্যে মস্কোর দিকে অগ্রসর হওয়া ২৩১টি ড্রোন ধ্বংস করেছে প্রতিরক্ষা বাহিনী।
এই ব্যাপক হামলার মুখে নিরাপত্তা বজায় রাখতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 'রোসাভিয়াৎসিয়া'। বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মস্কোর ভনুকোভো, দোমোদেদোভো এবং ঝুকোভস্কি বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণের ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করে, যা পরবর্তীতে তুলে নেওয়া হয়।
সূত্র: টিআরটি
বিষয় : রাশিয়া

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত