লাহোরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শেষ উইকেটে শাদাবের দুর্দান্ত সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় তুলে নেয় পাকিস্তান। ওই ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফাস্ট বোলার হারিস রউফকে বুধবার ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, রউফ তাদের খেলোয়াড়দের আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘন করেছেন, যা খেলার চেতনার পরিপন্থী আচরণের সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের রান তাড়ার ৪৬তম ওভারে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা রউফ একটি ‘ওয়াইড’-এর জন্য আবেদন করেন। এরপর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সতর্ক করা সত্ত্বেও রউফ তার ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান। এছাড়া জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় তিনি আম্পায়ারের গা ঘেঁষে চলে যান। রউফের শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে এটি ছিল এই ফাস্ট বোলারের তৃতীয় অপরাধ, যার ফলে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ইংল্যান্ড দলকেও তাদের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সান্ত্বনাসূচক জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইংল্যান্ড।
বিষয় : আচরণবিধি লঙ্ঘন জরিমানা হারিস রউফ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত