পশ্চিম কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২৪ জন। রাজধানী নাইরোবিকে উপকূলীয় শহর মোম্বাসার সঙ্গে যুক্তকারী নাইরোবি–মোম্বাসা মহাসড়কে তিন সপ্তাহ আগে আরেকটি দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছিলেন।
রবিবার (২৫ অক্টোবর) সকালের এই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিতিতো আন্দেই হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট পল কিসেনিয়া। যাত্রীরা পশ্চিম কেনিয়ায় তাদের চার্চের যাজকের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার পর মোম্বাসায় ফিরে যাচ্ছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটে।
দুই সন্তানের মা ভায়োলেট মওয়ানদোনয়ি জানান, বাসটি সবেমাত্র মিতিতো আন্দেই শহর ছেড়েছিল, যেখানে যাত্রীরা সকালের নাস্তা করেছিলেন। তিনি বলেন, ঠিক কী ঘটেছিল তা আমার মনে নেই। শেষ যা মনে পড়ছে তা হলো, আমরা সবাই আর্তনাদ করছিলাম এবং অন্য গাড়িচালকদের আমাদের উদ্ধারে এগিয়ে আসার জন্য ডাকছিলাম। বাসে থাকা আমার দুই সন্তানের কী হয়েছে, তা আমি জানি না।
দুর্ঘটনার পরিস্থিতি এখনো অস্পষ্ট, তবে স্পেঞ্জা মুদাভে নামে এক যাত্রী জানান, একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি অথরিটি ধারণা করছে, চালকের ভুলবশত ওভারটেকের ঘটনা হতে পারে। কেনিয়ায় সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি এবং রাস্তার খারাপ অবস্থাকে প্রায়শই অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।
সূত্র: অ্যাসোসিয়েটেডে প্রেস।
বিষয় : সড়ক দুর্ঘটনা কেনিয়া প্রাণহানি

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত