হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে এবার ধরা পড়েছে ৯০ পিস ই-সিগারেট/ভেপ। গত ৬ ও ৭ নভেম্বর পৃথক অভিযানে এসব পণ্যের পাশাপাশি ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। উদ্ধার পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়।
পৃথক অভিযানে ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।
এনবিআর জানায়, যাত্রী ব্যাগেজে ই-সিগারেট/ভেপ বহনের এ ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : শাহজালাল বিমানবন্দর

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত