সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নির্দিষ্ট কিছু বাজারে তাদের নিজস্ব ‘টিকটক শপ’ অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে তারা ই-কমার্স খাতে নিজেদের কার্যক্রম জোরদার করছে এবং অ্যামাজন ও টিমু-এর মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মগুলোর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্য হাতে নিয়েছে।
টেকক্রাঞ্চ-এর প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে। নতুন এই অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী পণ্য পরামর্শ দেওয়া হয় এবং এর মাধ্যমে লাইভস্ট্রিম বা ছোট ভিডিও দেখে কেনাকাটা করা যায়। এছাড়া এতে অর্ডার ট্র্যাকিং এবং কাস্টমার সাপোর্টের সুবিধাও রয়েছে।
সোশ্যাল মিডিয়া পরামর্শক ম্যাট নাভারা প্রথম এটি শনাক্ত করেন। তিনি জানান, অ্যাপটির আইওএস সংস্করণ ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে। এটি বর্তমানে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে নেই এবং এটি ‘টিকটক শপ সেলার সেন্টার’ থেকে সম্পূর্ণ আলাদা একটি গ্রাহক-কেন্দ্রিক অ্যাপ।
মূল টিকটক প্ল্যাটফর্মের পরিবর্তে এই আলাদা অ্যাপটি ব্যবহারের মাধ্যমে কেনাকাটায় উৎসাহিত করতে কোম্পানিটি বিশেষ অফার, বিনামূল্যে শিপিং এবং নিরাপদ পেমেন্ট ব্যবস্থার সুবিধা দিচ্ছে। এই উদ্যোগটি ই-কমার্স খাতে টিকটকের ক্রমবর্ধমান আগ্রহেরই বহিঃপ্রকাশ; অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান আরও বিস্তৃত করার লক্ষ্যে তারা ‘টিকটক শপ’-এর জন্য একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি করেছে।
ম্যাশেবল-এর প্রতিবেদন অনুযায়ী, গুগল প্লে স্টোরে অ্যাপটি ৫০ হাজারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরের অ্যাপল অ্যাপ স্টোরে এটি শপিং ক্যাটাগরিতে ৭১তম অবস্থানে রয়েছে এবং এতে একটি পাঁচ-তারকা রেটিং দেখা গেছে।
বিষয় : ‘টিকটক শপ’ চারটি দেশ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত