প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
পরকীয়ার খবরের পর এনভিডিয়া সিইওর সম্পদ কমল ৭৪০ কোটি ডলার
ডেস্ক নিউজ ||
পরকীয়ার খবর প্রকাশ এবং বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগে তদন্ত শুরুর পর বড় ধাক্কা খেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়া। এর প্রভাব পড়েছে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সম্পদেও। এক দিনেই তাঁর সম্পদ কমেছে প্রায় ৭৪০ কোটি ডলার। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে গেছেন তিনি।
সিএনএন ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী লরি হুয়াংয়ের সঙ্গে দাম্পত্য সম্পর্কে থাকাকালে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেছেন জেনসেন হুয়াং। ওই নারীকে ঘিরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি চীনের হয়ে তথ্য সংগ্রহ করছেন বলে সন্দেহ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। বিষয়টি তদন্তে স্বাধীন অনুসন্ধানের ঘোষণা দিয়েছে এনভিডিয়া।
এনভিডিয়ার কর্মীদের পাঠানো এক বার্তায় হুয়াং পরকীয়ার বিষয়টি স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চান। পাশাপাশি তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপনীয় তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ নেই।
ফোর্বসের তথ্য অনুযায়ী, ৯ নভেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় হুয়াংয়ের সম্পদ ৭৪০ কোটি ডলার কমে ১ হাজার ৫৪৭ কোটি ডলারে দাঁড়ায়। অন্যদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন এনভিডিয়ার শেয়ারের দর প্রায় ৫ শতাংশ কমে যায়। এক মাস আগে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর থেকে কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশের বেশি কমেছে।
বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ শুধু হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নয়, এনভিডিয়ার নেতৃত্ব ও ব্যবসায়িক ভবিষ্যৎও। এআই প্রযুক্তির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় প্রযুক্তি খাতের শেয়ারবাজারেও চাপ তৈরি হতে পারে।
হুয়াং ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির ৩ দশমিক ৫ শতাংশের বেশি শেয়ারের মালিক তিনি। ফলে তাঁর সম্পদের বড় অংশই নির্ভর করে এনভিডিয়ার শেয়ারমূল্যের ওপর। প্রতিষ্ঠানটির আগামী ১৭ নভেম্বর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।
সূত্রঃ সিএনএন,
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত