প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
বাড়ছে আইপিএলের দল
ডেস্ক নিউজ ||
আইপিএলের আগামী আসরকে সামনে রেখে ক্রিকেটারদের দলবদলের গুঞ্জনের মধ্যে নতুন তথ্য নিয়ে হাজির এলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা ফ্র্যাঞ্চাইজিত্তিক এই টুর্নামেন্টের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে। এর মধ্যে খবর প্রকাশিত হয়েছে, আইপিএলের ২০২৮ মৌসুম থেকে আইপিএলে অন্তত দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
‘মিন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, পুনে ও ভদোদরা সম্ভাব্য শহর হিসেবে উঠে এসেছে। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্তভাবে কোন শহরগুলো বেছে নেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়।
২০০৮ সালে আটটি দল নিয়ে আইপিএল যাত্রা শুরু করে। এরপর ২০১১ সালে ‘পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া’ ও ‘কোচি টাস্কার্স কেরালা’ যুক্ত হওয়ার মাধ্যমে দলের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়ায়। তবে চুক্তিসংক্রান্ত জটিলতার কারণে এক মৌসুম পরেই কোচিভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। অন্যদিকে ২০১৩ মৌসুমের পর পুনেও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়।
গুজরাট রাজ্য নিজেকে একটি বড় ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে, আর সেই প্রেক্ষাপটেই সম্ভাব্য শহর হিসেবে ভদোদরার নাম উঠে এসেছে। আহমেদাবাদ থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগ থেকে উপকৃত হতে পারে।
২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য ভারতের আগ্রহের পর আহমেদাবাদের ক্রীড়া-সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষাও সবার নজর কেড়েছে। গত ৪ সেপ্টেম্বর এক সরকারি বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই শহরে আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন। এদিকে পুনের আইপিএল দল আয়োজনের অতীত ইতিহাস রয়েছে।
২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাহারা গ্রুপের মালিকানাধীন ‘পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া’ এই শহরে ছিল। তবে ফ্র্যাঞ্চাইজি ফি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আর্থিক মতবিরোধের জেরে দলটি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়। ২০১৬ সালে আইপিএল আবারও পুনেতে ফিরে আসে; সে সময় ‘রাইজিং পুনে সুপারজায়ান্ট’ দুই মৌসুম ধরে শহরটির প্রতিনিধিত্ব করে। চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রাজস্থান রয়্যালস (আরআর) নিষিদ্ধ হওয়ার পর এই ফ্র্যাঞ্চাইজিটি প্রতিযোগিতায় যুক্ত হয়েছিল। ‘সুপারজায়ান্ট’ ২০১৭ সালের ফাইনালে উঠলেও মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) কাছে মাত্র ১ রানে হেরে যায়।
প্রস্তাবিত প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মূল্যায়ন ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘মিন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য বিনিয়োগকারীদের তালিকায় রয়েছে ইউরোপীয় প্রাইভেট ইকুইটি ফার্ম ‘পারমিরা’, পশ্চিম এশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল, এশীয় রাষ্ট্র-সমর্থিত বিনিয়োগ সংস্থা এবং ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠীগুলো।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফ্যামিলি অফিস’ (পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান) এবং অত্যন্ত উচ্চ সম্পদশালী ব্যক্তিরাও এখানে বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখছেন। লিগ সম্প্রসারণ নিয়ে আলোচনার মধ্যেই কিছু বিনিয়োগকারী নতুন দলগুলোতে সংখ্যালঘু অংশীদারিত্ব কেনার কথা বিবেচনা করছেন।
বিসিসিআই সর্বশেষ ২০২২ সালের আসরের আগে লিগ সম্প্রসারণ করেছিল, তারা দুটি নতুন ফ্র্যাঞ্চাইজিকে অন্তর্ভুক্ত করে। আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ৯৪০ মিলিয়ন ডলারে লখনউ দলের মালিকানা পায়। অন্যদিকে সিভি সি ক্যাপিটাল পার্টনার্স ৭৫০ মিলিয়ন ডলারে আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয়, যা পরবর্তীতে ‘গুজরাট টাইটানস’ নামে পরিচিতি পায়।
আরসিবি ও রাজস্থান রয়্যালসের চুক্তি ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন আরও বাড়িয়ে দিয়েছে। মালিকানা সংক্রান্ত সাম্প্রতিক লেনদেনগুলো নতুন দলগুলোর ক্ষেত্রে উচ্চ মূল্যায়নের প্রত্যাশাকে আরও জোরালো করেছে। ‘ইউনাইটেড স্পিরিটস’ তাদের দল ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’-কে আদিত্য বিড়লা গ্রুপ, বেনেট কোলম্যান অ্যান্ড কোং, ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চার্সের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের কাছে ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি করতে সম্মত হয়েছে।
আরেকটি বড় লেনদেনে লক্ষ্মী মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ১.৬৫ বিলিয়ন ডলার মূল্যায়নে ‘রাজস্থান রয়্যালস’-এর মালিকানা কিনে নিয়েছে। এছাড়া, গত বছর ‘টোরেন্ট গ্রুপ’ প্রায় ৮৭৫ মিলিয়ন ডলারে ‘গুজরাট টাইটানস’-এর ৬৭ শতাংশ মালিকানা (সংখ্যাগরিষ্ঠ অংশ) কিনে নিয়েছিল।
তবে বিসিসিআই-এর সম্প্রসারণ পরিকল্পনাটি বাণিজ্যিক দিক এবং ভারতীয় খেলোয়াড়দের প্রাপ্যতার ওপর নির্ভর করবে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ম্যাচের জন্য কতটুকু অর্থ প্রদান করতে আগ্রহী, সেটিও একটি বড় ভূমিকা পালন করবে; কারণ আরও দুটি দল যুক্ত হলে টুর্নামেন্টের মোট সময়সূচী এবং মিডিয়া স্বত্বের খরচ বেড়ে যাবে।
বর্তমান ২০২৩-২০২৭ মিডিয়া স্বত্ব চক্র থেকে ৬.২ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা আইপিএল-কে প্রতি ম্যাচের হিসেবে বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত করেছে। লিগের বাণিজ্যিক প্রবৃদ্ধি অব্যাহত থাকলে ২০২৮ সালে শুরু হতে যাওয়া পরবর্তী চক্রে এই অঙ্ক আরও ছাড়িয়ে যেতে পারে।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত