প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ব্যাংকে টাকা জমা দিতে যাওয়া পেট্রোল পাম্প কর্মচারী নিখোঁজ
ডেস্ক নিউজ ||
বরিশালের গৌরনদী বন্দরের ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে আশোকাঠী ফিলিং স্টেশনের সুপারভাইজার মো. মহিউদ্দিন তালুকদার রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
সোমবার দুপুর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভুইয়া বাদী হয়ে গৌরনদী মডেল থানায় জিডি করেছেন।
নিখোঁজ মহিউদ্দিন (২৮) গৌরনদী পৌর এলাকার ৬ নম্বর গোবর্দ্ধন এলাকার মো. হুমায়ন কবির তালুকদারের ছেলে।
ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার বেলা তিনটার দিকে প্রতিষ্ঠানের চার লাখ ৫৩ হাজার ৩০০ টাকা একটি ব্যাংকের গৌরনদী শাখায় জমা দেওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হয় মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে সন্ধান করেও তার খোঁজ মেলেনি। পরে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ি সংলগ্ন জঙ্গলের পাশ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত মহিউদ্দিন তালুকদারের কোনো খোঁজ মেলেনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেছেন, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত ও অভিযান চলছে।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত