প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি
ডেস্ক নিউজ ||
জোর করে বা গলা টিপে ক্ষমা আদায়ের চেষ্টা এবং বিভিন্ন মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের ওপর ঘটে যাওয়া নানা হয়রানি, মব জাস্টিস এবং অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এই নায়িকা।
ক্ষমা চাওয়ানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, কাউকে ভুল স্বীকার করাতে হলে এবং তার কাছ থেকে সরি বলতে হলে একটি নির্দিষ্ট নিয়ম থাকে। কিন্তু গলার ওপর চড়াও হয়ে বা মেরে ফেলার হুমকি দিয়ে কি কখনো জোর করে ক্ষমা আদায় করা সম্ভব?
নিজের ব্যবহৃত শব্দচয়নের প্রসঙ্গে তিনি বলেন, একজনকে গালি দেওয়ার প্রসঙ্গ টেনে তাকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেটিরও কড়া জবাব দেন তিনি। তার ভাষ্যমতে, একজন নারী হওয়ার কারণে তার ওপর নানান কটূক্তি করা হবে, হেনস্তা করা হবে-আর তিনি মুখ বুজে সহ্য করবেন, এমনটি হতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, এক শ্রেণির মানুষ ইগো বা ব্যক্তিগত আক্রোশ থেকে রাস্তায় নেমে নানা ধরনের কুরুচিপূর্ণ স্লোগান ও ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। উদ্দেশ্যমূলকভাবে তাকে নিয়ে বিভিন্ন অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তার কাজে বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে অভিনেত্রী জানান, বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে যাতে তাকে কোনো কাজের প্রস্তাব দেওয়া না হয়। এমনকি তাকে বয়কট করার পরিকল্পনাও ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। বয়কট সংস্কৃতিতে কাজ না হওয়ায় সরাসরি গিয়ে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
সাংবাদিকতা পেশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি বলেন, হাতে একটি ফোন বা পেজ নিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটি কোনো সাংবাদিকতার কাজ হতে পারে না। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তার কাছ থেকে ক্ষমা আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সবশেষে ক্ষুব্ধ কণ্ঠে পরীমনি সাফ জানিয়ে দেন, এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন। স্যরি ধুয়ে পানি খা!
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত