প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির
ডেস্ক নিউজ ||
গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ তুলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্নের মুখে ফেলেছেন এই অভিনেত্রী।
ভিডিও বার্তায় পরীমনি বলেন, কেউ ভুল করলে তার কাছে ক্ষমা চাইতে পারেন। কিন্তু সেই ক্ষমা চাওয়ানোর পদ্ধতি কী হবে, সেটিই বড় প্রশ্ন। কাউকে গলা চেপে ধরে কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে সরি বলানো যায় না। একজন মানুষকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা কেন করা হচ্ছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
নিজের ভুল স্বীকার করে পরীমনি বলেন, তিনি গালিগালাজ করেছেন, যা ঠিক হয়নি। এ জন্য ক্ষমা চাইতেও তার আপত্তি নেই। তবে একজন নারীকে যেখানে-সেখানে হেনস্তা করা হলেও সে বিষয়ে কথা বলতে পারবেন না, এমন শর্ত চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন তিনি। তার ভাষ্য, নিজের ইগো থেকে রাস্তায় নেমে আন্দোলন না করে বিষয়টি নিয়ে যুক্তিসংগতভাবে কথা বলা উচিত।
পরীমনি আরও অভিযোগ করেন, তাকে অপদস্থ করার পাশাপাশি তার কাজেও বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দিয়ে তাকে কাজে না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাকে বয়কটের প্রচারণাও চালানো হচ্ছে। তার মতে, এভাবে একজন শিল্পীর কাজের সুযোগ বন্ধ করার চেষ্টা একধরনের মব তৈরি করার শামিল।
বয়কটের প্রচারণায় কাজ না হওয়ায় এখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, যেখানে তিনি যাবেন, সেখানেই গিয়ে অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাকে চাপে ফেলার চেষ্টা চলছে।
ভিডিওর শেষ দিকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন এই অভিনেত্রী। তার প্রশ্ন, হাতে ফোন, একটি ফেসবুক পেজ কিংবা নিবন্ধন থাকলেই কি কেউ সাংবাদিক হয়ে যান? এসব করে আপনারা আমাকে সরি বলাবেন? সরি ধুয়ে পানি খা। সাংবাদিকতার নামে যা ইচ্ছা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
পরীমনি বলেন, সাংবাদিকতার পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব করে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত