প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
টিএসসি মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক ব্যাগ, ঘিরে রেখেছে পুলিশ
ডেস্ক নিউজ ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পাওয়া গেছে। ব্যাগটির ভেতরে কী রয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় ব্যাগটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যাগের ভেতরে কোনও বিস্ফোরকদ্রব্য রয়েছে কি না, তা পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়কারী দলের অপেক্ষায় রয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ব্যাগটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি ঘিরে রাখে পুলিশ। তবে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত ব্যাগটির ভেতরে কী রয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।
এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্দেহভাজন একটি ব্যাগ ঘিরে রেখেছি। এখনও বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায়নি। সেই কারণে এখনও বলা যাচ্ছে না ব্যাগের ভেতরে আসলে কী আছে। বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গেলে নিশ্চিত হওয়া যাবে ব্যাগের মধ্যে আসলে কী আছে।’
এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও সেখানে উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার মধ্যে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একই সময়ে টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত