প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
বিপসট পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা
ডেস্ক নিউজ ||
ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা (Her Royal Highness, The Duchess of Edinburgh) রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন।
সোমবার পরিদর্শনকালে তাকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, অর্জন ও ত্যাগ সম্পর্কে অবহিত করা হয়। এ সময় তিনি বিপসটের চলমান প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সেশনে অংশগ্রহণ করেন। পাশাপাশি, তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী ও মোতায়েনের জন্য প্রস্তুতরত নারী ও পুরুষ শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বিপসটের প্রশিক্ষণের মান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি বিপসট অফিসার্স মেস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ, স্মারক উপহার বিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত