প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাবিবুর রহমান হাবিব জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানার কাশিপুর খিল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান (৫৫) ফতুল্লার কাশিপুর খিল মার্কেটের দক্ষিণ গোয়ালবন্দ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ফতুল্লা মডেল থানার এসআই নন্দন কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় কাশিপুর খিল মার্কেট এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায়, হাবিবুর রহমান জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এবং সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রীড়া সম্পাদক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত