প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
মহাখালীতে পার্কিং করা বাসে আগুন
ডেস্ক নিউজ ||
রাজধানীর মহাখালী টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত মধ্য রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান হোসাইন বলেন, ‘রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ জানান, টার্মিনালের পিছনের শেষ মাথায় সোহাগ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। রাত আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুরো বাসটি পুড়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত