প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বাঁশখালীতে আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই
ডেস্ক নিউজ ||
চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, আব্দুল নূর, মো. মহিউদ্দিন ও মোহাম্মদ আক্তারের। আগুনে তাদের বসতঘর, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আগুনের তাপে ঘুম ভাঙার পর দ্রুত ঘর থেকে বেরিয়ে আসায় তারা প্রাণে বেঁচে যান।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মিজানুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দিতে উপজেলা প্রশাসন কাজ করছে।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত