প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
সান্তাহারে আড়াই কোটি টাকা ব্যয়ে দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন
ডেস্ক নিউজ ||
বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় সান্তাহার পৌরশহরের সাইলো সড়ক থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
জানা গেছে, সাইলো সড়ক থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা। অন্যদিকে, তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সব মিলিয়ে ৭৯৬ মিটার দীর্ঘ দুটি সড়ক নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। সড়ক দুটি নির্মিত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমার পাশাপাশি যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত