প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ওসমানীর ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি দাবি
ডেস্ক নিউজ ||
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, নিজের অপকর্ম ঢাকতে এবং স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের অধিকারকে শেকলবন্দি করতেই ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দুজন সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছেন। তাদের হাতে রোগী, রোগীদের স্বজন, সাংবাদিক তথা সিলেটবাসী নিরাপদ নয়। অথচ এই হাসপাতাল সিলেটের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসার জায়গা।
বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রোগী ও তাদের স্বজনদের আটকে রেখে মারধর করেন। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে তারা সাংবাদিকদদের ওপরও হাত তুলতে দ্বিধাবোধ করেন না। এই অবস্থা থেকে সিলেটবাসী মুক্তি চান।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ও পেশাগত শাস্তির দাবি জানান।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবীর লিটন প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেন শাবিপ্রবি, দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব, উইমেন্স জার্নালিস্ট ক্লাব ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সদস্য।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের আটকে রেখে মারধর করেন ইন্টার্ন চিকিৎসকরা। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সিলেটভিউ২৪ডটকম’র মাল্টিমিডিয়া রিপোর্টার নিবেন্দু তালুকদার ও দৈনিক শ্যামল সিলেটের ফটোজার্নালিস্ট রেজা রুবেলকে পিটিয়ে রক্তাক্ত করেন ইন্টার্নরা।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত