প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
বিএনপিই নির্বাচনে ধর্ম ব্যবহার করেছে, অভিযোগ গোলাম পরওয়ারের
ডেস্ক নিউজ ||
নির্বাচনে ধর্ম ব্যবহারের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে নয়, বরং বিএনপির বিরুদ্ধে তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) আগারগাঁও নির্বাচনি অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ধানের শীষের রঙিন ছবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ইউনিয়নে ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রচার এবং হিন্দু অধ্যুষিত এলাকায় বিএনপি প্রার্থীর লোকজনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এভাবে হুমকি দেওয়া হলে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ভোট দিতে সাহস পাবেন না বলে মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, নির্বাচনী ইশতেহারে ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার কথা বলা হয়েছিল। জামায়াত ধর্ম ব্যবহার করেছে বলে অভিযোগ তোলা হলেও তার দাবি, নির্বাচনে ধর্ম ব্যবহার করছে বিএনপিই।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার অভিযোগ, পুলিশও দলীয় আনুগত্যের পরিচয় দিচ্ছে।
দলীয় আনুগত্যে পরিচালিত পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামকে অপসারণেরও দাবি জানান তিনি।
কপিরাইট © ২০২৬ Dhaka Sentinel-Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত